
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গে প্রায় ১০০ মণ ইলিশ ধরা পড়েছে। বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরে এলে জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। পরে নিলামের মাধ্যমে এসব ইলিশ প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের মাছ ধরার ট্রলারটি মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে ১৫ জন জেলেকে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যায়। এক দিন সাগরে অবস্থানের পর পশ্চিমের বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইলিশভর্তি ট্রলারটি আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে ফিরে আসে। পরে আলীপুরের সিফাত ফিসে দিনব্যাপী নিলামের মাধ্যমে প্রায় ১০০ মণ ইলিশ প্রায় ৩০ লাখ টাকায় বিক্রি করা হয়।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কিছুদিন সাগরে ইলিশের সংকট ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টিপাত বাড়লে ইলিশের আহরণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ইলিশের উৎপাদন ও আহরণ বাড়লে জেলে, মৎস্য ব্যবসায়ী এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই অর্থনৈতিকভাবে লাভবান হবেন।